দেশে হামের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসে চালু হতে যাচ্ছে বিশেষ ফিল্ড হাসপাতাল। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই হাসপাতালটি খুব শিগগিরই রোগী ভর্তি শুরু করবে।

সোমবার (৪ মে) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ফিল্ড হাসপাতালটি তৈরি হলেও চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ সব ধরনের জনবল ও ওষুধ সরবরাহ করবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

পরিচালক বলেন, “রোববার রাতেই সেনাবাহিনী নির্মাণকাজ শেষ করেছে। ঝড়-বৃষ্টি থেকে সুরক্ষায় চারপাশে তাবু টানানো হয়েছে। ভেতরে ২০টি বেড ও ৯টি এসি বসানো হয়েছে।”

তিনি আরও জানান, সোমবার গণপূর্ত বিভাগ চারপাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বিদ্যুৎ সংযোগের কাজ করছে। এসব কাজ শেষ হলেই হাম আক্রান্ত রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু হবে।