শ্রদ্ধা ও ভালবাসায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত জামালপুরের মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে সমাহিত করা হয়েছে।

সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের পূর্ব বিনোদ টঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

লিমনকে শেষ বিদায় জানাতে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন রশিদ, নিহত লিমনের বাবা জহুরুল হকসহ কয়েকশ মানুষ উপস্থিত হন।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।