জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মায়ের মৃত্যুর বিষয়ে হাসান জানান, বাদ মাগরিব লালমাটিয়া বিবি মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান ফেসবুক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।”
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে টিংকু লেখেন, “আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
টিংকুর ওই পোস্টে হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।