দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান।
সোমবার (৪ মে) বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে এ তথ্য জানানো হয়।
এদিন ঢাকার পুলিশ অফিসার্স মেসে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। সহ-সভাপতি পদে রয়েছেন আহম্মদ আলী, মো. জসীম উদ্দিন, আজমিলা নাসরীন চৌধুরী, রোকনুজ্জামান সরকার ও আরাফাতুল ইসলাম।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন তাসমিন আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন হাসিবুল ইসলাম, তরিকুল ইসলাম, আফতাব উদ্দিন, ভাস্কর সাহা ও মশিউর রহমান মন্ডল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. ফজলুর রহমান, অর্থ-সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক মো. জাকিরুল হাসান নির্বাচিত হয়েছেন।
নতুন সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে সাধ্যানুযায়ী ভূমিকা পালন করা। এই কমিটি দেশপ্রেমের স্পিরিটকে ধারণ করে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে কাজ করবে।”
সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, “পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। জনকল্যাণের পাশাপাশি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণেও কাজ করব।”
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান কমিটির সচেষ্ট ভূমিকা থাকবে।”