ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমরা কমিশনের কাছে নথি পাঠিয়েছিলাম। তাকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।”

এর আগে ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামায়াত জোট থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে নির্ধারিত সময় বিকাল ৪টার ১৯ মিনিট পর জমা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করা থেকে বিরত থাকেন। একই জোটের আরেক প্রার্থী এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র ২৩ এপ্রিল বাছাইয়ে বাতিল হয়। সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

পরে নুসরাত হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ২ মে বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রবিবার বৈধ প্রার্থী হিসেবে নুসরাতের তালিকাও প্রকাশ করা হয়। অন্যদিকে মনিরা শারমিনও হাইকোর্টে রিট করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার অনুপাতে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোটকে একটি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করে দেয়। নুসরাত-মনিরার আসনটি ছাড়া বাকি ৪৯টিতে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং ইতোমধ্যে শপথ নিয়েছেন। নুসরাত তাবাসসুম হচ্ছেন সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সংসদ সদস্য।