ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির কার্যক্রম গতিশীল করতে আলাদা উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ কার্য-অধিবেশন শেষে তিনি এ কথা জানান। অধিবেশনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থা এআই-নির্ভর মডেলে এনে সার্বক্ষণিক নজরদারির পরিকল্পনা করছে সরকার। টিসিবির সঙ্গে সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখবে।

তিনি জানান, ডিসিদের কাছ থেকে বন্ধ চিনিকল চালু, নতুন শিল্প এলাকা গড়ে তোলা এবং ডিস্টিলারির পণ্য রপ্তানির সুযোগ তৈরির প্রস্তাব এসেছে। একইসাথে রুগ্ণ শিল্প চিহ্নিত করে নতুন বিনিয়োগ ও আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদক ও খুচরা দামের ব্যবধান কমাতে সরকার সমন্বিত বাজার ব্যবস্থাপনা কাঠামো তৈরি করছে। আমদানিনির্ভর পণ্যের জন্য ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ গড়ে তোলা হবে। এতে সরবরাহ সংকট বা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলা সহজ হবে।

কোরবানির ঈদ সামনে রেখে চামড়া সংরক্ষণে লবণ সরবরাহ, প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম চালানো হবে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ-মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। ঈদের পর নির্দিষ্ট সময় পর্যন্ত চামড়া পরিবহন নিয়ন্ত্রণ করা হবে।

বন্ধ মিল চালুর বিষয়ে মন্ত্রী বলেন, বস্ত্র ও পাট খাতের ৫০টি মিল পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে অনেকগুলো হস্তান্তর হয়েছে। আগামী এক বছরের মধ্যে এসব মিল চালু হয়ে কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করছেন তিনি।

এর আগে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব বাছাই করা হয়েছে।