বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বন্ধ কারখানাগুলো চালুসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের বন্ধ কারখানাগুলো চালু করা এবং খাতসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।