এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র-সিরডাপের সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে দেশের পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) সচিবালয়ে সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরার সাথে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবেলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগে দুই পক্ষ যৌথভাবে কাজ করতে একমত হয়েছে।
মন্ত্রী বলেন, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদার করতে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের যৌথ উদ্যোগে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।