রাজধানীর মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

রোববার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওবায়দুল ইসলাম এই মনোনয়ন দিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, গভর্নিং বডির প্রথম সভা থেকে এই কমিটির মেয়াদ হবে তিন বছর।

একই চিঠিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে ঢাবির ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হাসান খান ও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা।

অধ্যাপক ডা. শেখ ফরহাদ বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন। তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সাধারণ সম্পাদক। ২০০০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডা. ফরহাদ। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালের ৭ মে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগমের ছেলে ডা. শেখ ফরহাদ। তাঁর স্ত্রী ডা. আঞ্জুমান আরা বিএমইউর সহকারী অধ্যাপক ও অবস-গাইনি বিশেষজ্ঞ। এক কন্যা সন্তানের জনক তিনি। মেয়ে মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।