পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক পর্যায়ে ১৫০টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১২৫টি আসনে।

ভারতের নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার (৪ মে) সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কংগ্রেস ৪টি এবং অন্যান্য প্রার্থীরা ১টি আসনে এগিয়ে আছেন।

বর্তমানে পোস্টাল ব্যালট গণনা চলছে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে থাকেন।

কলকাতার ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এগিয়ে রয়েছেন।

২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় ২৯৩টি আসনে গণনা চলছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি এবং বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়েছিল।