নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার ৪ মে সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে লিমনের মরদেহ তার শোকাতুর পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার এই হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের গাফিলতি করেনি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে একই ঘটনায় নিহত আরেক মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করা হচ্ছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে তার মরদেহ দেশে পাঠানো হবে।
উল্লেখ্য ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ১০ দিন পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ঠিক কয়েকদিন পর ফ্লোরিডার একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। মেধাবী দুই শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।