ভোজ্যতেলের বাজার ঘুরে সরবরাহ পরিস্থিতিকে ‘অনেকটাই স্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (৩ মে) বিকেলে কারওয়ান বাজারের চিকেন মার্কেটে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি ডিলার, পাইকার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
বিক্রেতারা মন্ত্রীকে জানান, আগের চেয়ে সরবরাহ বেড়েছে। বিশেষ করে ৫ লিটারের বোতলজাত সয়াবিনের চাহিদা সবচেয়ে বেশি। খোলা তেল থেকে মুখ ফিরিয়ে ক্রেতারা এখন বোতলের দিকেই ঝুঁকছেন।
বাজারে ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৭০-৯৭৫ টাকায়। পুরোনো লটের ১ লিটার ও ২ লিটারের দাম যথাক্রমে ১৯৫ ও ৩৯০ টাকা। ক্রেতাদের ভাষ্য, এখন তেল পেতে সমস্যা হচ্ছে না, পরিস্থিতি আগের চেয়ে ভালো।
মন্ত্রী বলেন, “সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা কোম্পানি ও ডিলারদের সঙ্গে নিয়মিত বসছি। বৈশ্বিক বাজারের কারণে দাম সমন্বয় করতে হয়েছে। বিশ্ববাজারে দাম কমলে আমরাও কমাব।”
তিনি আরও জানান, বাজারে স্বচ্ছতা আনতে এমন ঝটিকা পরিদর্শন চলবে।
পরিদর্শনে বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান ও ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।