পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত কতিপয় শর্তে নামমাত্র কর দিয়েই এসব যান আমদানি করা যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন গড়ে তুলতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসনের সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাসে এ সুবিধা মিলবে। শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্য কাজে ব্যবহার হলে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে। তবে ভ্যাট ছাড়া সব ধরনের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর মওকুফ করা হয়েছে। ফলে মোট করভার দাঁড়াবে মাত্র ১৫ শতাংশ।
বাসের পাশাপাশি ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার নতুন ইলেকট্রিক ট্রাক আমদানিতেও একই সুবিধা দেওয়া হবে। বিশেষ এ শুল্ক সুবিধা ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
মন্ত্রিসভার সিদ্ধান্তের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দ্রুতই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ আরও এক ধাপ এগোবে।