আইন মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তরে অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার ৩ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের আইন মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ সরাসরি আমাদের জানান। প্রতিটা অভিযোগ ধরে ধরে অ্যাড্রেস করা হবে। কেউ ছাড় পাবে না।” মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্ত্রী জানান, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা মন্ত্রণালয় থেকেই তদারকি করা হবে।
সরকারি সম্পত্তির ফাইল আটকে রাখার প্রবণতা বন্ধ করতে কড়া বার্তা দেন তিনি। বলেন, “ফাইল যেন অহেতুক আটকে না থাকে। ডিসিরা কোনো সমস্যা দেখলে বা সাজেশন থাকলে আমাদের জানাবেন। আমরা দ্রুত সমাধান করব।”
অভিযোগের জন্য আলাদা হেল্পলাইনের দাবি নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, সরকারের বিভাগগুলোর মধ্যে সমন্বয়ই যথেষ্ট। নতুন করে হেল্পলাইনের দরকার নেই।
তিনি জানান, আজকের সেশনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। তবে মামলা জট নিরসনে তাদের মতামত চাওয়া হয়েছে। পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস চালুর বিষয়টি সরকারের বিবেচনায় আছে এবং এ নিয়ে কাজ এগোচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।