ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে কনভয়ের সাঁই সাঁই শব্দে রাজপথ কাঁপিয়ে চলে যাওয়ার দৃশ্যেই অভ্যস্ত নগরবাসী।
তবে রোববার (৩ মে) দুপুরের চিত্রটা ছিল একেবারেই অন্যরকম।
ওসমানী স্মৃতি মিলনায়তনের দরজা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িতে না উঠে সোজা হেঁটে রওনা দিলেন সচিবালয়ের দিকে। নিরাপত্তার বেড়াজাল ভেঙে মিশে গেলেন পথচারীদের ভালোবাসায়।
দুপুর ২টা ৬ মিনিটে মিলনায়তন থেকে বের হতেই রাস্তার দুপাশে দাঁড়ানো মানুষ সালাম দিতে শুরু করেন। প্রধানমন্ত্রীও হাত তুলে সবার সালামের জবাব দেন। এ সময় ব্যারিকেডের পাশে দাঁড়ানো সাধারণ মানুষও খুব কাছ থেকে তাকে দেখার সুযোগ পান। নিরাপত্তা ব্যবস্থা থাকলেও জনসাধারণের চলাচলে কোনো বাধা তৈরি হয়নি।
এর আগে চার দিনব্যাপী ডিসি সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম ডিসি সম্মেলন।
বাৎসরিক এই সম্মেলনে মাঠ প্রশাসনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ডিসিরা সরকারের নীতিনির্ধারকদের কাছে প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব বাছাই করা হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।