পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক পদে যোগ দিয়েছেন কাজী ইমদাদুল হক। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক কর কমিশনার।
রোববার (৩ মে) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
বিসিএস কর ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা কাজী ইমদাদুল হক ১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট, এনবিআরের কর কমিশনার এবং লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটের (এলটিইউ) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন। অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার ভূমিকা রয়েছে।
দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে আন্তর্জাতিক পরিসরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হন কাজী ইমদাদুল হক। ছাত্রজীবনে তিনি দুবার বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং তিন বছর জাতীয় টেলিভিশন বিতর্কে শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন।
‘কালো টাকা’ শীর্ষক গবেষণাগ্রন্থের লেখক তিনি। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনা করে কর সচেতনতা তৈরিতে কাজ করেছেন।