ভারতের রাজধানী নয়াদিল্লির ভিভেক বিহার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

রোববার (৩ মে) ভোররাতে ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ভবন থেকে ১০ জনের বেশি বাসিন্দাকে জীবিত উদ্ধার করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৩টার দিকে আগুন লাগে। গভীর রাত হওয়ায় অনেক বাসিন্দা ঘুমন্ত অবস্থায় আটকা পড়েন এবং দ্রুত বের হতে পারেননি। এ কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

এর আগে গত ১৮ মার্চ দিল্লির পালাম এলাকার একটি আবাসিক ভবনে আগুনে ৩ শিশুসহ ৯ জন নিহত হয়েছিলেন।