দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে প্রথম বহরে ছিলেন না অধিনায়ক বাবর আজম ও পেসার খুররাম শাহজাদ। পাকিস্তান সুপার লিগের ফাইনালের কারণে তারা এখনও করাচিতে আছেন। তাদের সঙ্গে বাংলাদেশের পেসার নাহিদ রানাও একই ফ্লাইটে সোমবার ঢাকায় আসবেন। নাহিদ রানা এবারের পিএসএল ফাইনালে খেলছেন।
এবারের পাকিস্তান স্কোয়াডে চার নতুন মুখ জায়গা পেয়েছেন। ওপেনার আব্দুল্লাহ ফাজাল ও আজান আওয়াইস প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। উইকেটকিপার ব্যাটার মুহাম্মাদ গাজি ঘোরি এর আগে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে খেললেও টেস্ট দলে এই প্রথম। পেস অলরাউন্ডার আমাদ বাট ২০২০ সালে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।
ফাজাল ও আজানকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে। ফাজাল ২৫ প্রথম শ্রেণির ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৮২৮ রান করেছেন। আজানের পরিসংখ্যান আরও চোখ ধাঁধানো। ৩৩ ম্যাচে ১০ সেঞ্চুরিসহ ৪১.৫৪ গড়ে তার রান ২৬৭৩। সেকেন্ড উইকেটকিপার হিসেবে দলে আছেন ঘোরি। আর আমাদ বাট ৬৪ প্রথম শ্রেণির ম্যাচে ২০৫ উইকেটের পাশাপাশি ১ সেঞ্চুরি ও ১০ ফিফটি করেছেন।
বাংলাদেশ সফরের আগে ২৭ এপ্রিল থেকে করাচিতে বিশেষ ক্যাম্প করেছে পাকিস্তান দল। এই সিরিজে প্রধান কোচের দায়িত্বে থাকছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাটিং কোচ হিসেবে আছেন আসাদ শফিক এবং বোলিং কোচ উমর গুল।
সিরিজের প্রথম টেস্ট ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে। সেই সিরিজের দুই ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। এর আগে ১৩ দেখায় বাংলাদেশের জয় ছিল শূন্য, ড্র মাত্র একটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশ দুই টেস্ট খেলে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে একটিতে ড্র ও অন্যটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।
বাংলাদেশ সফরের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, মুহাম্মাদ গাজি ঘোরি, নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।