জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখনও পুরোপুরি সুস্থ নন। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর বাংলাদেশে প্রথম অস্ত্রোপচার হয় তার। এরপর ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি।
শনিবার (২ মে) তানিয়া বৃষ্টির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, অভিনেত্রী শারীরিকভাবে কিছুটা অসুস্থ। চিকিৎসকের পরামর্শে তিনি এখন বিশ্রামে আছেন এবং উদ্বেগের তেমন কিছু নেই। পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে যাতে তিনি আবার কাজে ফিরতে পারেন।
এর আগে তৃতীয় অস্ত্রোপচার নিয়ে গুঞ্জন ছড়ালেও তানিয়া নিজেই জানিয়েছিলেন, দ্বিতীয় অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। তৃতীয় সার্জারি লাগবে, তবে এখনই নয়। নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন এবং কয়েক মাস সময় লাগতে পারে।
মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি ২০১২ সালে সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে আসেন। পরে বিজ্ঞাপন ও টিভি নাটকে কাজ করে পরিচিতি পান। ২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও টিভি নাটকেই বেশি জনপ্রিয়তা পান তিনি। ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। দীর্ঘ বিরতির পর রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ দিয়ে বড় পর্দায় ফেরার কথা ছিল, কিন্তু এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী।