জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতার অজুহাতে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসতে চাইছে। তার দাবি, দলটি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ভোগ করার মানসিকতা থেকে এখনও বের হতে পারেনি।
রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের ওপর যে দায়িত্ব আসে, বিএনপি সেটিকে এখনও ক্ষমতার দৃষ্টিতেই দেখে। ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে তিনি জানান, ঐকমত্য কমিশনে আলোচনার সময় এর অর্থ ছিল মূল সিদ্ধান্ত মেনে নিয়ে ভিন্নমত লিপিবদ্ধ রাখা। কিন্তু বিএনপি বারবার এটিকে সামনে আনছে। তার মতে, মূল বিষয় হলো রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব ইস্যুতে একমত হয়েছে সেগুলো দ্রুত কার্যকর করা।
তিনি আরও বলেন, গণভোট হয়ে যাওয়ার পর কোনো দল রাজি বা নারাজ, সেটি আর মুখ্য নয়। গণভোটের পর পুরনো বক্তব্য খুঁজে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।