ভারতের উত্তরপ্রদেশে মসজিদের এক ইমামকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৭ এপ্রিল রাজ্যের বেরিলিতে ঘটনাটি ঘটে।

শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমে পুলিশ ধারণা করেছিল, মাওলানা তৌসিফ রেজা নামে ওই ইমাম ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। তবে পরিবারের প্রকাশিত একটি অডিও ক্লিপ থেকে পরে জানা যায়, ট্রেনে নির্যাতনের পর তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

ফোনে রেকর্ড করা ওই অডিওতে তৌসিফকে তার স্ত্রী তাবাসসুমকে বলতে শোনা যায়, ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে এবং তিনি বিষয়টি পুলিশকে জানাবেন। তাবাসসুম অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বললে তৌসিফ জানান, চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে।

তৌসিফের চাচা বলেন, “আমাদের ধারণা, তৌসিফকে ট্রেনের ভেতর নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।”

তাবাসসুমের দাবি, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল যে তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।

তৌসিফের পরিবার রোববার, ৩ মে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে বলে জানিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।