সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার (২ মে) বিকেলে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ।’

শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর ৫টা ৮ মিনিটে দেশের সব জেলা স্টেডিয়ামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় প্রতিটি জেলার খুদে ক্রীড়াবিদরা ভার্চুয়ালি অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা করতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই। আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকেই এগিয়ে নিতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন বড় খেলোয়াড় হবে, বড় মানুষ হবে, নেতা হবে, প্রধানমন্ত্রী হবে।’

অনুষ্ঠানে উপস্থিত খুদে ক্রীড়াবিদদের ‘চিফ গেস্ট’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠানের চিফ গেস্ট কারা? কারা বলেছি আমি? এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো, তোমরাই আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট।’

উল্লেখ্য, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল ‘নতুন কুঁড়ি’র। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠান থেকে উঠে এসেছিল অনেক শিল্পী। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরল, তবে এবার মঞ্চের বদলে সবুজ মাঠে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে ক্রীড়াঙ্গনে প্রতিভা খুঁজতেই এই আয়োজন।