দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে চীন ও ভারত থেকে আরও ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে।
শনিবার, ২ মে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছে।
শিপিং এজেন্ট সূত্র জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ চীন থেকে ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেলে বন্দরে পৌঁছায়। আর শনিবার ভোরে ভারত থেকে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ কুতুবদিয়া এঙ্করেজে নোঙর করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন ডিজেলের চাহিদা রয়েছে। সেই হিসাবে নতুন আসা এই চালানে প্রায় চার দিনের চাহিদা মেটানো সম্ভব হবে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। এর মধ্যে ডলফিন জেটিতে দুটি জাহাজ অবস্থান করছে এবং বহির্নোঙরে অপেক্ষমাণ আছে আরও চারটি। একটি জাহাজ থেকে ছোট জাহাজের মাধ্যমে তেল খালাস বা লাইটারিং কার্যক্রম চলছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আমদানির অংশ হিসেবেই এই চালান এসেছে। গত এপ্রিলে ২০টি জাহাজে মোট ৬ লাখ টনের বেশি জ্বালানি আমদানি করা হয়েছিল। মে মাসেও এক লাখ টন ক্রুড অয়েলসহ সমপরিমাণ জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিপিসি।