ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়েছে, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি বা সম্মেলনে অংশগ্রহণের মতো কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা কিংবা কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে দূতাবাস জানিয়েছিল, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে সে দেশে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহারের সুযোগ নেই। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।