ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে ফুলবাড়ীয়া ও ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মোসলেম উদ্দিনের ছেলে ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম জানান, শনিবার বাদ জোহর ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে তার বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বেলা ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে ও বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা হবে। জানাজা শেষে উপজেলার নিউগী কুশমাইলে নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোসলেম উদ্দিন ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী মালেক সরকারের কাছে পরাজিত হন তিনি। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পেশায় আইনজীবী মোসলেম উদ্দিন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।