নতুন কুঁড়ি স্পোর্টস শুধু খেলা নয়, এর মধ্য দিয়ে ছেলে-মেয়েরা পড়ালেখার পাশাপাশি মেধা বিকাশ করবে এবং অপসংস্কৃতি থেকে দূরে থাকবে— মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘এরই মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাব।’

শনিবার (২ মে) বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাবে। বাংলাদেশের অর্থনীতিতেও ক্রীড়া শক্ত ভূমিকা রাখতে পারে। স্পোর্টস ডিপ্লোমেসির মধ্য দিয়ে বাংলাদেশ যেন ক্রীড়াতে শক্ত অবস্থানে নিতে পারে, তা নিয়েই প্রধানমন্ত্রী কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ির মধ্য দিয়ে মানবসম্পদ গড়তে, সু-নাগরিক গড়তে, দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়তে শক্ত ভূমিকা রাখবে। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি বলিষ্ঠ জায়গায় নিয়ে যাবে। এ কারণেই আজকের দিনটা ঐতিহাসিক।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্রীড়া ও সংস্কৃতি উইং খোলার কথা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে একটি উইং খুলেছে। এই উইংয়ের মধ্য দিয়ে আমরা ক্রীড়া কূটনীতি আরও জোরদার করতে পারব। বিভিন্ন দেশের সঙ্গে স্পোর্টস নিয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে, সেগুলো নবায়ন করা হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।