প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা।

শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী খাল খনন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুধী সমাবেশ ও জনসভায় যোগ দেবেন।

প্রস্তুতি পর্যবেক্ষণে শনিবার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এর আগে শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে খাল খনন কাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

শাহমাহমুদপুরের ঘোষেরহাট এলাকার খালটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খননকাজের উদ্বোধন করেছিলেন। এবার তার উত্তরসূরি, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।