গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী। অসুস্থতার কারণে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তার ফাউন্ডেশন জানিয়েছে, জানজান কারাগারে থাকার সময় তিনি দুইবার জ্ঞান হারান এবং গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন।
কারাগারের চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা কারাগারে চিকিৎসার উপযোগী নয়। এ কারণে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মার্চের শেষ দিকে হৃদরোগে আক্রান্ত হন নার্গিস। তখন থেকেই তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। ওজন কমে গিয়েছিল এবং হাঁটার জন্য সহায়তার প্রয়োজন হচ্ছিল। তার আইনজীবীরা বলছেন, দীর্ঘদিনের কারাবাসের কারণে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।
পূর্ব ইরানের মাশহাদ শহরে সফরের সময় নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ১২ ডিসেম্বর থেকে তিনি আবার কারাগারে আছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ‘রাষ্ট্রবিরোধী সমাবেশ ও ষড়যন্ত্রে জড়িত থাকা’।
পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের সময় নার্গিসের ওপর নির্যাতন চালানো হয়। মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় তাকে। এর পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিবার বলছে, এই নির্যাতনের ফলেই তার হৃদরোগ ও শারীরিক দুর্বলতা বেড়ে যায়।
নোবেল কমিটি ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে এই নির্যাতনের নিন্দা জানিয়েছে। ইরান সরকার এখনো অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড ভোগ করছিলেন নার্গিস। স্বাস্থ্যগত কারণে ২০২৪ সালের শেষ দিকে তিনি সাময়িক মুক্তি পেয়েছিলেন।