দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা দীপিকা পাড়ুকোন বেবি বাম্প নিয়েই শুটিংয়ে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার সেটে দেখা গেছে তাকে। একটি বিশেষ গানের দৃশ্যের শুটিং করছেন এই তারকা জুটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দীপিকাকে ঢিলেঢালা আরামদায়ক পোশাকে হাসিমুখে সেটে ঢুকতে দেখা গেছে। শাহরুখ ছিলেন নীল স্ট্রাইপড শার্ট আর সানগ্লাসে। ছবিগুলো ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। কেউ দীপিকার সৌন্দর্যের প্রশংসা করছেন, আবার কেউ ৬০ বছর বয়সেও শাহরুখের সতেজ লুক দেখে অবাক। রেডডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে তুমুল আলোচনা। অনেকের মতে, ফ্ল্যাশব্যাক দৃশ্যে শাহরুখের লুক আগের সব রেকর্ড ভাঙবে।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ‘কিং’-এর কাজ করছেন দীপিকা। গত বছর শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে সিনেমার ঘোষণা দেন তিনি। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর পর এটি তাদের ষষ্ঠ সিনেমা। দীপিকা জানান, ১৮ বছর আগে শাহরুখ তাকে শিখিয়েছিলেন বক্স অফিসের চেয়ে সিনেমা বানানোর অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সম্পর্ক বেশি দামি। সেই শিক্ষা থেকেই আবার একসঙ্গে কাজ করছেন তারা।
মাঝে শোনা গিয়েছিল দীর্ঘ কর্মঘণ্টার কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কাল্কি ২’ থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। তবে ‘কিং’ সিনেমার প্রতি তার দায়বদ্ধতা অটুট। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ড্রামায় শাহরুখ-দীপিকা ছাড়াও আছেন সুহানা খান ও অভিষেক বচ্চন। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি।
কেপটাউনের সেট থেকে আসা ঝলক ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: এনডিটিভি