সাত দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি রওনা হন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সফরকালে তিনি জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।