বৃষ্টি উপেক্ষা করেই সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে যাত্রা করে ৯টা ৫৮ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে সরাসরি মাজার অভিমুখে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর।

দিনব্যাপী সফরে মাজার জিয়ারতের পর একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় চাঁদনীঘাটে সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, দুপুর ১২টায় কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজ, বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।