রাজধানীর উত্তরা এলাকায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী জেরিন জামান তুবা (১৪) উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে স্কুলের পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে আসামি লামিন ইসলাম (১৯) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান (৪৯) উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি দায়েরের পরপরই তদন্ত শুরু করে পুলিশ। উওরার উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) এর তত্ত্বাবধানে উত্তরা পূর্ব থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১ মে, ২০২৬) তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত শিক্ষার্থী তুবাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।