আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে প্রথমবারের মতো জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ সমাবেশ শুরু হবে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানী ঢাকায় এটিই তারেক রহমানের প্রথম জনসভা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এ তথ্য জানান। তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
শ্রমিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দলের নেতাদের প্রত্যাশা, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী মে দিবসের এই সমাবেশে যোগ দেবেন।
আয়োজকদের মতে, এবারের মে দিবসের সমাবেশ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার আদায়ের দাবিকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসবে।