বহর আধুনিক করতে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ঢাকার একটি হোটেলে দুই পক্ষের মধ্যে চুক্তিটি সই হয়। এর মধ্যে থাকছে ১০টি ৭৮৭ ড্রিমলাইনার আর ৪টি ৭৩৭ ম্যাক্স। ড্রিমলাইনারগুলো ওয়াইড-বডি আর ৭৩৭ ম্যাক্স ন্যারো-বডি ক্যাটাগরির।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ জানান, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে আন্তর্জাতিক রুটে বিমানের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে অপারেশন খরচ কমবে এবং যাত্রীসেবার মান আরও ভালো করা যাবে। তার মতে, বৈশ্বিক এভিয়েশন বাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করতে এই চুক্তি বড় ভূমিকা রাখবে।

সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিশনের অংশ হিসেবেই এই উদ্যোগ। শুধু এভিয়েশন না, পর্যটন খাতও এর সুফল পাবে বলে আশা করা হচ্ছে। নতুন রুট চালু, ফ্লাইট সংখ্যা বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে কর্মসংস্থানও বাড়বে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের দেশে আসা-যাওয়ার বড় ভরসা বিমান। নতুন উড়োজাহাজ এলে ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই চুক্তিকে দেশের এভিয়েশন খাতের জন্য নতুন অধ্যায় বলছে বিমান। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ আরও এক ধাপ এগোল।