ভারতীয় টেলিভিশনের আইকনিক ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি’র দ্বিতীয় সিজন ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। কাস্টিংয়ের অদ্ভুত সমীকরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা।
২০০০ সালে শুরু হওয়া প্রথম সিজনে ‘তুলসি’ চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত মুখ হন স্মৃতি ইরানি। তখন তার ছেলে ‘অংশ’র ভূমিকায় ছিলেন আকাশদীপ সাইগল।
২০২৫ সালে শুরু হওয়া ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি ২’ তে সেই আকাশদীপকেই দেখা যাচ্ছে স্মৃতির নাতি হিসেবে। অথচ বাস্তবে আকাশদীপের বয়স ৫১ বছর আর স্মৃতি ইরানির বয়স ৫০। অর্থাৎ পর্দার নাতি তার দাদির চেয়ে এক বছরের বড়।
বয়সের এই অসামঞ্জস্য মেনে নিতে পারছেন না ভক্তরা। ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে দর্শকরা লিখছেন, এমন কাস্টিং সিরিয়ালের গ্রহণযোগ্যতা নষ্ট করছে। অনেকেই একে ‘অযৌক্তিক’ ও ‘হাস্যকর’ বলে আখ্যা দিচ্ছেন।
সমালোচনাকে অবশ্য পাত্তা দিচ্ছেন না আকাশদীপ সাইগল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম সিজনে ছেলে হিসেবে থাকলেও এবার নাতির চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা চমৎকার। এই রূপান্তরের অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। একে তিনি ‘সৃজনশীল পদক্ষেপ’ বলেও উল্লেখ করেন।
গল্পের খাতিরে নির্মাতারা এই পুনর্বিন্যাস করলেও দর্শকদের নেতিবাচক মন্তব্য থামছে না। তবে মজার বিষয় হলো, এত সমালোচনার পরও টিআরপি চার্টে সিরিয়ালটি ভালো অবস্থানেই রয়েছে।