চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বঙ্গভবনের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে পর এটি হবে তার দেশের বাইরে প্রথম কোনো সফর।
চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।