সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসের মধ্যেই দেশের পাঁচ বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি জানান, ভারতের ঝাড়খন্ডে বিকেল ৩টায় কালবৈশাখী তৈরি শুরু হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে এটি খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। পরে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়েও বয়ে যাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় ৮ বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও আছে। ঝড়ের সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।