দেশের সবকটি জেলার ওপর দিয়ে আজ রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তার পর্যবেক্ষণ অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত একটানা ৩ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ভারত থেকে ধেয়ে আসা এই ঝড় ইতিমধ্যে দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রবেশ করতে শুরু করেছে বলেও জানান তিনি।

গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, শক্তিশালী কালবৈশাখী ঝড়টি মূলত ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের ওপর আঘাত হানছে। এটি ইতিমধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে প্রবেশ করতে শুরু করেছে। ঝড়ের গতিপথ বিশ্লেষণ করে তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। ঝড়ের সাথে তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, ঝড়টি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে । আজ রাত ৯টার পর থেকে রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এটি বয়ে যাবে। এরপর রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে এর প্রভাব পড়বে। সর্বশেষ ভোর ৫টার পর থেকে সকাল ৯টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে এই ঝড়টি অতিক্রম করার কথা রয়েছে।

এছাড়া রংপুর বিভাগের জেলাগুলোর জন্যও বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, এই অঞ্চলের ওপর দিয়ে কমপক্ষে দুটি শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। ঝড়ের তীব্রতা ও বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে সাধারণ মানুষকে এই সময়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।