এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এবার সিঙ্গাপুরকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়েছে হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আইরিন রিয়া।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। আক্রমণ থেকে আইরিন রিয়া প্রথম গোল করে দলকে লিড এনে দেন। তবে চার মিনিট পরই সমতা ফেরায় সিঙ্গাপুর। পেনাল্টি কর্নার থেকে চিয়া চেরেলের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।
এরপর দীর্ঘ সময় দুই দলই গোলের দেখা পায়নি। ম্যাচ যখন শেষের দিকে, তখনই চমক দেখান আইরিন রিয়া। টানা দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি।
৫৭ ও ৫৮ মিনিটে আক্রমণ থেকে পরপর দুই গোল করে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেন রিয়া। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
এই জয়ে প্রথমবার ফাইনালে ওঠার আনন্দে ভাসছে কোচ জাহিদ হোসেন রাজুর দল। ফাইনালে তারা ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।