মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একটি পারিবারিক ধর্মীয় সাধনার স্থান দখল করে সেখানে মাদ্রাসা স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সুফি সাধক ও ধর্মীয় লেখক মোঃ সোলায়মান জামান সুমনের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগও পাওয়া গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার “খান শরীফ” নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় সাধনার স্থানকে ঘিরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, মাজারবিরোধী একটি উগ্রপন্থি গোষ্ঠী জোরপূর্বক স্থানটি দখল করে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
গত ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে বিষয়টি জানতে পেরে সোলায়মান জামান সুমন তার অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত মুন্সিগঞ্জ জেলা ইসলামী ফাউন্ডেশনের এক নেতা মোঃ আল আমিনের নেতৃত্বে স্থানীয় একটি মাদ্রাসার কিছু ছাত্র ও শিক্ষক তার সঙ্গে অসদাচরণ করে বলে অভিযোগ করা হয়েছে। তাদেরকে “ভণ্ড মাজারপূজারী” ও “মুরতাদ” বলে আখ্যায়িত করা হয় এবং শারীরিক হামলার চেষ্টাও করা হয় বলে দাবি ভুক্তভোগীর।
সোলায়মান জামান সুমন এলাকায় একজন সুফি সাধক ও ধর্মীয় লেখক হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও। তার দাবি, তাদের পারিবারিক ধর্মীয় স্থানে প্রতি বছর ওরশ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন করতে গেলে ওই গোষ্ঠী বারবার বাধা প্রদান করে আসছে।
তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ অবস্থায় ভুক্তভোগী সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঐতিহ্যবাহী ধর্মীয় সাধনার স্থানটি সকলের জন্য উন্মুক্ত রাখা নিশ্চিত করা হয়।