উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এ সময় করণীয় বিষয়ে যে তথাকথিত সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে, সেটি ফায়ার সার্ভিস কর্তৃক জারি করা হয়নি।

এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।