মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত পোস্টে চটেছে ভারত। তার এই পোস্টকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছে নয়া দিল্লি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আগে দেওয়া একটি পোস্ট পুনরায় শেয়ার দেওয়ার পরে এই সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে  ট্রাম্প এমন একটি লেখা শেয়ার করেন, যেখানে ভারতকে হেলহোল বা নিকৃষ্ট স্থান হিসেবে উল্লেখ করা হয়। এই বিবৃতিটি দিয়েছেন রক্ষণশীল রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজ।

মার্কিন জন্মসূত্রে নাগরিকত্বের সমালোচনা করে স্যাভেজ বলেন, “এখানে একটি শিশু সঙ্গে সঙ্গে নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন বা ভারত বা পৃথিবীর অন্য কোনো নরককুণ্ড থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।”

বৃহস্পতিবার গভীর রাতে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মন্তব্যটি ‘স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ।’

তিনি আরো জানান, এই বক্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ‘নরক’ মন্তব্যটিকে ‘অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, ‘এটি প্রত্যেক ভারতীয়কে আঘাত করে।’

দলটি এক্স-এ বলেছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত মার্কিন প্রেসিডেন্টের কাছে এই বিষয়টি উত্থাপন করা এবং তীব্র আপত্তি জানানো।”

ভারত সরকারের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫৫ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এশীয় বংশোদ্ভূতদের মধ্যে ভারতীয় আমেরিকান এবং চীনা আমেরিকানরাই বৃহত্তম গোষ্ঠী।