সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পর্ব শুরু হয়, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় ছাত্র রয়েছে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শুরুর আগে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ শুরু হয় এবং সকাল সাড়ে ৯টার মধ্যে শিক্ষার্থীরা আসন গ্রহণ করে। নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়।

এ বছর পরীক্ষাকে ঘিরে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের তদারকিতে কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি চলছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭১ হাজারের বেশি কমেছে। তবে ময়মনসিংহ ও মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা বোর্ডে—৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এরপর মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সবচেয়ে কম পরীক্ষার্থী সিলেট বোর্ডে, ৮৯ হাজার ৪২১ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী (৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন) অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।