আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৬ এপ্রিল আর্টডক পরিদর্শনে যান তিনি।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাপ্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে অবহিত হন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সামরিক সচিব; জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (ঘাটাইল এরিয়া); সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।