পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর আত্মত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে মাজার মসজিদ প্রাঙ্গনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, এসব ত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। ইলিয়াস আলীকে হয়তো আমরা ফিরে পাব না, কিন্তু তার পরিবারসহ পুরো সিলেটবাসী এখনও প্রতীক্ষায় রয়েছে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরে তিনি বাসিয়া নদীর পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে পারেন। নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

আসন্ন মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন পানিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে।