মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার। তিনি বর্তমানে বেস্ট ফিউচার জেনারেশনস এর জন্য মার্কিন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দপ্তর বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে। যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। এসময় শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা ও কল্যাণ জোরদার করা প্রধান অগ্রাধিকার হিসেবে গুরুত্ব পাবে বলে জানা গেছে। সফরকালে তিনি শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং শিশু অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, সফরের সময় বিশেষ দূত হার্ডার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকে শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে মতবিনিময় হবে।

পেশায় আইনজীবী হার্ডার ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্ত আছেন। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন উচ্চপ্রোফাইল ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন এবং আইন ক্ষেত্রে একাধিক সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন।