গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার জানান, রাজনীতির একটি ইতিবাচক দিক তিনি লক্ষ করছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, অভিভাবক ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটিই স্পিকারের প্রথম সফর।
জানা গেছে, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকায় উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এ সফর পরিচালনা করছেন।