টলিউডের আলোচিত জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। পরিচালক আর নায়িকার এই জুটি টলিপাড়ায় দারুণ জনপ্রিয়! ভক্তরাও ভালোবেসে তাদের নাম দিয়েছেন—‘রাজশ্রী’। এ দম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে দুই সন্তান। স্ত্রী শুভশ্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নির্মাতা রাজ বললেন—“সন্তানদের চেয়ে আমার কাছে বউ আগে।”

রাজ চক্রবর্তী তার নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে স্ত্রীর প্রতি প্রেম-ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেন। তার ভাষায়, “আমাদের কাছ প্রেম মানে হচ্ছে, আমার আর শুভশ্রীর কোয়ালিটি টাইম কাটানো। আমরা অপেক্ষা করি, কখন আমাদের দেখা হবে। আমাদের একটা ‘মি’ টাইম হয়, ‘উই’ টাইমও বলতে পারেন। আমরা দুজন কোথাও ঘুরতে যাই কিংবা লং ড্রাইভে যাই। আমরা গান শুনতে ভালোবাসি, আমরা রেস্তোরাঁয় খেতে ভালোবাসি। অনেকরকমভাবে আমরা প্রেম করতে ভালোবাসি।”

স্ত্রী শুভশ্রীর প্রতি ভালোবাসা কতটা, তা ব্যাখ্যা করে রাজ চক্রবর্তী বলেন, “বাড়ি থেকে দুজন আলাদা আলাদা বের হলাম। সারাদিনে কবার আমরা ‘আই লাভ ইউ, মিস ইউ’ লিখলাম, এটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা হৃদয় থেকে আসে। কাজের জায়গায় খুব ক্লান্ত লাগলে বা কোনো কারণে মন খারাপ হলে, বউয়ের সঙ্গে কথা বললেই ফ্রেশ হয়ে যাই।”

সন্তানের চেয়ে স্ত্রীর প্রাধান্য রাজের কাছে আগে। তা উল্লেখ করে এই নির্মাতা বলেন, “আমি এটা আগেও বলেছি, সন্তানদের চেয়েও আমার কাছে বউ আগে। আর নিজের বউকে যদি কেউ প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। যেটাই চাইব, সেটাই হবে। আমাদের কাছে একে-অপরের প্রতি ভালোবাসাই হলো আমাদের শক্তি।”

দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন রাজ-শুভশ্রী। তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সবকিছু পেছনে ফেলে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন তারা। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছরের ১২ সেপ্টেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান ইউভান। ২০২৩ সালে জন্ম নেয় কন্যা ইলিয়ানা।