চট্টগ্রাম বন্দরে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে পৌঁছেছে দুটি অয়েল ট্যাঙ্কার শিপ। মঙ্গলবার জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
বুধবার (১৫ এপ্রিল) তেল খালাসের জন্য জাহাজ দুটি বন্দরের জেটিতে ভিড়েছে।
জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে পৌঁছায় মঙ্গলবার। জাহাজটি আজ বুধবার দুপুর নাগাদ পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়ানো হয়। ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে রাতে বন্দরে পৌঁছায়।
শিপিং সংশ্লিষ্টরা জানান, জাহাজ দুটি হতে তেল খালাসের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি জাহাজ থেকে সম্পূর্ণ তেল খালাস করতে প্রায় দুই দিন সময় লাগতে পারে।