চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় ফিরেন তিনি।

গত ৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন সোহেল রানা। চিকিৎসা শেষে ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান এই তারকা শিল্পী।

সোহেল রানা লেখেন, “আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে পথচলা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম।

পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় ‘সোহেল রানা’ নামেই অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়।